ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে।
আহতরা হলেন- সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে রাস্তায় চলমান ফোরলেন নির্মাণকাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোমানা বেগম মারা যান।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল