সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। বর্তমানে চাকরির সুবাদে পরিবারটি চুকনগরে বসবাস করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় এর লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কুশল সরকার ছিটকে পড়ে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এনআরএইচ