চাঁদপুর শহরের পুরানবাজারে যৌথ অভিযানে একটি গোডাউন থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোডাউনের দায়িত্বে থাকা একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরানবাজার এলাকায় উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
তিনি আরও জানান, অভিযানে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
অভিযান চলাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ জাল চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা এবং কোস্ট গার্ড স্টেশনের টহল সদস্যরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ