ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লার বাসিন্দা মিলন শেখের ছেলে। সুমন ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে পিজ্জা বিক্রির কাজ করতেন।
মঙ্গলবার (৩০ জুন) রাত পৌনে ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে গুলির ঘটনাও ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষের পর মঙ্গলবার রাতেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ও আতাদি মহল্লা থেকে ১৭ জনকে আটক করে।
বুধবার (১ জুলাই) সকালে সুমন হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার কিশোরদের সঙ্গে কাপুড়িয়া সদরদী মহল্লার কিশোরদের উত্তেজনা চলছিল। রাত পৌনে ৮টার দিকে দুই পক্ষের শত শত লোক ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে কুমার নদের দুই পাড়ে অবস্থান নেয়। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ঘর্ষ চলাকালে চারটি গুলির শব্দ শোনা যায়। এ সময় সুমন শেখ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর কাপুড়িয়া সদরদী মহল্লার লোকজন পিছু হটলে পূর্ব হাসামদিয়া মহল্লার লোকজন কুমার নদের সেতু পার হয়ে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রবেশ করে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সংঘর্ষের কারণে মঙ্গলবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় দেড় ঘণ্টা পর দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, বুধবার ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে সুমনের মরদেহ এলাকায় এনে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/এমএল