মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার সকালে বাড়ির মালিক শিক্ষক আক্কাস আলী তার বাড়ির সিঁড়ি ঘরে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পড়ে থাকতে দেখে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেন।
গাংনী থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে বোমাসাদৃশ্য বস্তৃ ও চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আক্কাস আলীর বাড়িরর ওপর দিয়ে পানি নিষ্কাসন নিয়ে গত ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায় বলে অভিযোগ উঠেছে।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, চিরকুটে পানি চলাচল বাধাগ্রস্ত না করার হুমকি দিয়ে প্রাণনাশের হুমকি লেখা ছিল।
বিডি-প্রতিদিন/এআইডি