ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্য রেখা থেকে রোকেয়া বেগম নামে (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেন।
নিহত রোকেয়া বেগম উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।
স্থানীয়রা জানায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার রাত ৯টায় দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে রাত ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩ নং পিলারের পাশে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ দেখতে পেয়ে জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে অবগত করেন।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন বলেন, খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিজিবি জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন ভারত সীমান্তের ১৪১৩ নং পিলার সংলগ্ন এলাকায় রোকেয়া বেগম নামে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা থানা পুলিশকে অবগত করলে তারা মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/টিএ