চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে গবাদিপশুর খাবার তৈরির দায়ে মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগরে অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স তদারকিকালে সেখানে অবৈধভাবে অন্য কোম্পানির নামে ভুসি তৈরি ও বাজারজাতকরণের প্রমাণ মেলে। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ওই প্রতিষ্ঠানের মালিক মো. সাইফুল হকের নিকট থেকে জরিমানার এক লাখ টাকা আদায় করা হয়।
তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ক্যাব প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম ও জীবননগর থানা পুলিশের একটি দল।
বিডি প্রতিদিন/কেএইচটি