বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ইকুয়েডরের প্রধান কোচের দায়িত্বও ছেড়ে দিয়েছেন সেবাস্তিয়ান বেকাচেসে। মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর আবেগঘন বিদায়বার্তায় তিনি জানান, দায়িত্ব চালিয়ে যেতে চাইলেও প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে হারের পর সংবাদ সম্মেলনে বেকাচেসে বলেন, ‘আমাদের চুক্তি বিশ্বকাপ পর্যন্তই ছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটিকে ইকুয়েডরের সেরা বিশ্বকাপ বানাব। সেটা করতে পারিনি। তাই এখন বিদায় বলার সময় এসেছে।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, তাতে দায়িত্বে থেকে কাজ চালিয়ে যেতে চেয়েছিলাম। তবে ফুটবলে ফলই শেষ কথা, সেটি আমি ভালোভাবেই বুঝি।’
ম্যাচ নিয়ে বেকাসেসে স্বীকার করেন, প্রথমার্ধে মেক্সিকোর কাছে তার দল পুরোপুরি পিছিয়ে ছিল। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা প্রতিপক্ষের চেয়ে অনেক পিছিয়ে ছিলাম। বিরতির পর আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, বলের দখলও বেশি ছিল। কিন্তু সেই একটি গোল আর করতে পারিনি, যা আমাদের ম্যাচে ফিরিয়ে আনতে পারত।’
বিদায়ের মুহূর্তেও নিজের অর্জনের কথা বলতে চাননি এই আর্জেন্টাইন কোচ। বরং সব কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। তিনি বলেন, ‘এই দলের আসল ভূমিকা খেলোয়াড়দের। এটি ইকুয়েডরের অন্যতম তরুণ দল। তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আছে শুধু কৃতজ্ঞতা। দেশের মানুষ ও খেলোয়াড়দের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সারাজীবন মনে থাকবে।’
জার্মানির বিপক্ষে নাটকীয় জয় দিয়ে নকআউটে উঠলেও শেষ পর্যন্ত মেক্সিকোর বিপক্ষে আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি ইকুয়েডর। আর সেই হারেই শেষ হলো বেকাসেসের ইকুয়েডর অধ্যায়।
সূত্র : রয়র্টাস
বিডি-প্রতিদিন/এআইডি