লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী গ্রামে এক বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত সাবেক যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা শাহজাহান কবিরাজ।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজ নিজ এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার অংশীজন মনির হাজী, খোকন ফরাজী, হাসান কবিরাজ ও কামাল আকঞ্জী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শাহজাহান কবিরাজ বলেন, তিনি ৫৮ শতাংশ জমি কিনে পরে বিক্রি করেছেন। এরপর জাকির হোসেন, তার ভাই তোফাজ্জল, মুরাদ, ছিদ্দিক ও জাহেরসহ একটি চক্র তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি অভিযোগ করেন, এলাকায় জমি বেচাকেনা হলেই ওই চক্র সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে জমি দখলে নিতে বাধা দেয় এবং প্রতিবাদ করলে হামলা-মামলা দিয়ে হয়রানি করা হয়।
অভিযুক্ত জাকির হোসেন উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে তারাও জমি কিনেছেন। এখন শাহজাহানও একই জমির দাবি করছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।
তিনি বলেন, তাদের কাছে চাঁদা চাওয়ার প্রশ্নই আসে না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ