দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
রবিবার (১০ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঝড়-বৃষ্টির সতর্কতায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া আলাদা আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিডি প্রতিদিন/এম.এস