বগুড়ায় নির্ধারিত কর্মঘণ্টা,ওভারটাইম প্রদান,পেশাগত মর্যাদাসহ এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ। রবিবার (১০ মে) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতালের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসেসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের বগুড়া জেলার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা সোহেল রানা, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকার, প্রচার সম্পাদক খন্দকার তাসরীফ প্রমুখ।
মানববন্ধনে ৬ দফা দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হলো, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা অথবা ছুটির দিন এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম প্রদান। চাকরির বয়স অনুযায়ী গ্র্যাচুয়িটির হার বৃদ্ধি। বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর টি.এ. ডি.এ বিল বৃদ্ধি। মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ। চাকরির পাঁচ বছর পূর্ণ হলে কর্মীদের বিনামূল্যে মোটরসাইকেল বা যানবাহন প্রদান এবং চাকরিচ্যুতির ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা প্রদান নিশ্চিত করা দাবি জানান আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও বৈষম্যের মধ্যে কাজ করলেও তাদের দাবিগুলো উপেক্ষিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আরকে