ক্যারিয়ার দীর্ঘ করতে বছরে একটি টেস্ট খেলার কথা জানিয়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। চোট এড়াতে তার এমন সিদ্ধান্তে সায় দিয়েছেন রিচার্ড পাইবাস।
এরপরই কয়েক দিন ধরে আফগান ক্রিকেটার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। রশিদ খান বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
এর মধ্যে খবর এলো এই ক্রিকেটার ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি আফগানিস্তানের অংশ হয়েই খুশি।
নিজের লেখা বই ‘রশিদ খান: ফ্রম স্ট্রিটস টু স্টারডম’-এ নিজের জাতীয়তা নিয়ে মুখ খুলেছেন তিনি। তিনি আইপিএল ২০২৩-এর কথা স্মরণ করেন, যখন গুজরাট টাইটানসের কর্মকর্তা তাকে ভারতীয় ক্রিকেটের একজন সিনিয়র ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
তিনি বইয়ে লেখেন, আমি তার সঙ্গে দেখা করি এবং তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি আমাকে ভারতে থাকার জন্য অনুরোধ করেন এবং ভারতীয় কাগজপত্র পেতে সাহায্য করতে ইচ্ছুক ছিলেন। তিনি চেয়েছিলেন আমি ভারতেই থাকি এবং এখানেই খেলি। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কী উত্তর দেব তা বুঝতে পারছিলাম না। আমি তাকে ধন্যবাদ জানাই এবং বলি যে আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলেই খুশি।
রশিদ আরও যোগ করেন, তাকে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তিনি লিখেছেন, আমি তাদের বলেছিলাম, যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তবে আমি অন্য কোনো দেশের হয়েও খেলতে চাই।
রশিদ সানরাইজার্স হায়দ্রাবাদে থাকাকালীন একটি ঘটনার কথাও স্মরণ করেন। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তার ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা এই স্পিনারের প্রতি তাদের ভালোবাসা ও প্রশংসা প্রকাশ করে তাকে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করেন।
সম্প্রতি তিনি ও তার স্ত্রী আজলান নামের এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। এই অভিজ্ঞ ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ করেন।
তিনি লিখেছেন, হ্যালো ওয়ার্ল্ড, আমার নাম আজলান খান। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে স্বাগতম, আমার ছোট্ট রাজকুমার। তিনি শুভাকাঙ্ক্ষীদের তার পরিবারের জন্য দোয়া করতে অনুরোধ করেন। তার সতীর্থ ও সমর্থকেরা রশিদকে অভিনন্দন জানিয়েছেন।
বিডি প্রতিদিন/কামাল