বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তে বৃহস্পতিবার সামার ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তিনটি পর্বে বিভক্ত এই অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের এই দিনটি তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি চরিত্র গঠন, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ লালনের আঁতুড়ঘর। আমি আশা করি, তোমরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করবে। বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করতে তোমাদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম শওকত আলী। নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বিইউবিটি সবসময় একাডেমিক উৎকর্ষতার সাথে প্রযুক্তি ও উদ্ভাবনকে একত্রিত করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, নতুন শিক্ষার্থীরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যেটি কেবল স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের পথও তৈরি করে দেয়।
নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফার রহমান। এরপর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসাইন এবং কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কে আহমেদ আলম। নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরাও এ পর্বে বক্তব্য রাখেন।
দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ এবং সদস্য মিস্টার এএফএম সারওয়ার কামাল। এ সময় আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ, কম্পিউটার সায়েন্স ও এআই অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মুন্সি মাহবুবুর রহমান।
তৃতীয় ও সমাপনী পর্বে বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত ‘ফ্যাকাল্টি অব কম্পিউটার সাইন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং সিমাগো র্যাঙ্কিং ২০২৬ এ স্থান পাওয়ার অর্জন উদযাপন করা হয়। এরপর নবীনদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/জেডএ