নিখোঁজের দেড় মাস পার হলেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গৃহবধূ সানজিদা খানমের কোনো সন্ধান মেলেনি। গত ১ এপ্রিল কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে নিখোঁজ হন তিনি।
সানজিদা ওই উপজেলার রামদিয়া গ্রামের ইকলাস সরদারের স্ত্রী এবং সাফলীডাঙ্গা গ্রামের শাহজাহান সরদারের মেয়ে। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে পারিবারিকভাবে রামদিয়া গ্রামের ইকলাস সরদারের সঙ্গে সানজিদার বিয়ে হয়। জীবিকার তাগিদে তারা ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ দম্পতির হামজা সরদার (৫) নামে একটি ছেলেসন্তান রয়েছে।
নিখোঁজ সানজিদার স্বামী ইকলাস সরদার জানান, গত ১ এপ্রিল প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান চালাতে বাইরে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর শ্বশুরবাড়িসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ৫ বছরের একটা ছেলে রয়েছে। মা ছাড়া সে কিছুই বোঝে না। সারাক্ষণ মায়ের অপেক্ষায় তার দিন কাটছে। আমার স্ত্রী কোথায় আছে, কেমন আছে? নাকি বেঁচে নেই, তা-ও জানি না। আমার স্ত্রীর দ্রুত সন্ধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গৃহবধূ সানজিদার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রযুক্তির সহায়তায় তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করি, দ্রুতই তার সন্ধান মিলবে।
বিডি প্রতিদিন/কেএইচটি