ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালতের মাধ্যমে এক বছরে ২ হাজার ৪৫৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ক্ষতিপূরণ হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ে জেলার বিভিন্ন ইউনিয়নে এসব মামলা নিষ্পত্তি করা হয়। একই সময়ে মোট মামলা দায়ের হয়েছিল ২ হাজার ৫৫৩টি।
‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং জেলার ১০০ ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ মো. গাওছাল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল কাইয়ুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমদ চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ অন্যরা।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত বিষয়ে প্রচার-প্রচারনা আরও বাড়ানো গেলে মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। এতে গ্রাম আদালতের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ