কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকার একটি ঘর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে নেতৃত্ব দেওয়া গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারী সোহেল পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য পরিচিত। স্থানীয়দের ভাষ্য, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আরকে