লামা উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মধুঝিরি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও লামা পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বিকালে বাজার এলাকার মো. জামাল উদ্দিনের ঘরে আগুন দেখতে পেয়ে লামা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. শাহনেওয়াজের বসতঘরেও ছড়িয়ে পড়ে।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে গেছে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কেকে