রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভের্দে ও অঁরেলিয়ে চুয়ামেনির মধ্যে হাতাহাতির ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্প্যানিশ ফুটবলে। অনুশীলনের সময় শুরু হওয়া এই সংঘর্ষে পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে, একজন খেলোয়াড়কে হাসপাতালে নিতে হয় এবং পরে দুইজনকেই বড় অঙ্কের জরিমানা করা হয়।
ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। তিনি ড্রেসিংরুমে দলের পেশাদারত্ব নিয়ে ওঠা অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন এবং ভেতরের তথ্য বাইরে ফাঁস হওয়াকে ক্লাবের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন।
কোচ জানান, চুয়ামেনি ইতোমধ্যে দলের অনুশীলনে ফিরেছেন এবং বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে। দুই খেলোয়াড়ই তাদের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
আরবেলোয়া বলেন, 'আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা ভুল স্বীকার করেছে এবং জরিমানাও মেনে নিয়েছে। তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।'
এদিকে অনুশীলনে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে স্প্যানিশ গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে কোচ এসব খবরকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং বলেন, ড্রেসিংরুমের ভেতরের বিষয় বাইরে ফাঁস হওয়া ক্লাবের জন্য ক্ষতিকর।
বিডি প্রতিদিন/এম.এসে