দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার বীরগঞ্জ আলীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা-এর লিল্লাহ বোর্ডিংয়ে থাকা এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছোলা, মুড়ি, খেজুর ও বুন্দিয়াসহ বিভিন্ন ইফতার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা জানান, এতিম শিশুদের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইয়াহইয়া মাহমুদ বলেন, রমজানে এতিম শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে তারা আনন্দের সঙ্গে ইফতার করতে পারবে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়।
হেফজখানার শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম (নাজেরা বিভাগ) জানায়, আমরা সবাই রোজা রেখেছি। আজ ভালো ইফতার করতে পারবো। এজন্য যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, জেলা শাখার সহ সভাপতি মো. ফরহাদ হোসেন, উপজেলার সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহরিয়া হাসান, কোষাধ্যক্ষ ধনদেব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও সদস্য মো. আরিফ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের বন্ধুরা জানান, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে বসুন্ধরা শুভসংঘ। রমজানের এই ছোট্ট আয়োজন প্রমাণ করে ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দিতে।
বিডি-প্রতিদিন/তানিয়া