মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভারে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাভার ব্যাংক কলোনিতে অবস্থিত মাদ্রাসা অভ দা হলি কুরআন স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের মাঝে মহান ভাষা আন্দোলনের চেতনা, দেশপ্রেম ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখা এ আয়োজন করে। প্রতিযোগিতায় সাভার শিশু একাডেমি ও মাদ্রাসা অভ দা হলি কুরআন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মেধা ও সৃজনশীলতার প্রকাশ ঘটায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা অভ দা হলি কুরআন স্কুলের প্রিন্সিপাল মো. শাহাদাত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও বখতিয়ার ইসলাম হিরু, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, কোষাধ্যক্ষ রাজিয়া জিয়াসমিন ববি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসা. কোহিনুর আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক তারিন আক্তার। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন এবং বলেন, “নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু বলেন, “নতুন প্রজন্ম যদি মাতৃভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারে এবং তা হৃদয়ে ধারণ করে, তাহলেই একটি সুন্দর, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের মাধ্যমে তিনটি বিভাগে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিশু-কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/তানিয়া