মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম ইলিয়াস। বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান শোভন, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সহ-সভাপতি গগন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, মো. নাজমুল ইসলাম ও রিপন হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ, সমাজকল্যাণ সম্পাদক শান্ত হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সিয়াম হোসেনসহ সদস্য মিঠু দাস, অনন্ত কুমার দাস, শুভ ঘোষ, আব্দুল্লাহ, অনিক আসান, সিয়াম হাসান মারুফ, নাজমুল, শরীফ মিয়া, নাজমুস সাকিব, খান জুয়েল মিয়া, ইমরান এবং ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
পরবর্তীতে কলেজের অন্যান্য শিক্ষক, বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখা ছাড়াও বিভিন্ন ক্লাব, হল ও সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভোরে সূর্যোদয়ের পর জাতীয় পতাকাকে যথাযথ সম্মান প্রদর্শন এবং পতাকা অর্ধনমিত করা হয়।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করলে ছাত্ররা তা ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলে গুলিবর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত ও জব্বার। তাঁদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
বিডি-প্রতিদিন/তানিয়া