পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনটির পাবিপ্রবি শাখার সদস্যরা।
আয়োজকরা জানান, রমজানের সংহতি ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিতেই এ কর্মসূচি। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, রোজাদারদের মাঝে ইফতার বিতরণ এবং একসঙ্গে ইফতার করার সুযোগ পাওয়া তাদের জন্য আনন্দের। তিনি বলেন, রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। পাশাপাশি সবাই মিলে একত্রে ইফতার করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভসংঘ সব সময় মানবিক ও ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। পরবর্তী সময়েও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান হৃদয়, দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান, বিতর্ক সম্পাদক আশরাফুল ইসলাম সিয়াম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিএম মিকাইল হোসেনসহ সংগঠনের অন্য সদস্যরা।
বিডি-প্রতিদিন/এমই