নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনগত ব্যবস্থা, সামাজিক প্রভাব, ইসলামে নারীর মর্যাদা এবং পরিবার ও সমাজের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
সোমবার নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের নীলফামারী জেলা শাখা এ আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম রাজার সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নূর আলম, সংগঠনের উপদেষ্টা আবু তাহের রাজা ও আব্দুর রশিদ শাহ্।
জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ্ ও সদস্য হুমায়রা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।
আলোচকরা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন কোনো পারিবারিক বিষয় নয়, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা। এসব প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, তার যথাযথ প্রয়োগ এবং সমাজে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। তারা বলেন, ইসলাম নারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব।
সভায় অংশ নেওয়া কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সামাজিক চাপ, দারিদ্র্য ও সচেতনতার অভাবে অনেক সময় নির্যাতনের শিকার হয়েও তারা নীরব থাকতে বাধ্য হন। তারা নিরাপদ পরিবেশ, আইনি সহায়তা ও সামাজিক সহমর্মিতা নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে আজহারুল ইসলাম রাজা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। পরিবারকে সচেতন হতে হবে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে একযোগে কাজ করতে হবে।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানসিকতার পরিবর্তন জরুরি। ইসলামের মানবিক মূল্যবোধ ও নারীর প্রতি সম্মানবোধ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএম খাজা নেওয়াজ ও গোলাম রাব্বী, অর্থ সম্পাদক সাজু ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দুলালী খাতুন, নারী বিষয়ক সম্পাদক রিদওয়ানুম ইকরা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পূজা রানী রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক নুর আলম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আদুরি আক্তার, সমাজকল্যাণ সম্পাদক জিমু আক্তার, কার্যকরী সদস্য শীতুল, শিখা রায়, সুইটি আক্তার, কনা আক্তার, আশা মনি, রুমানা আক্তার, জেসমিন আক্তার, সুবর্ণা আক্তারসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই