গাজীপুরের কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সহায়তায় সোমবার সকালে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ৫০টি কোরআন শরীফ প্রদান করা হয়।
চরখিরাটি জামে মসজিদের ইমাম কামাল হোসেন এবং খতিব মাওলানা আহসান হাবীব আনুষ্ঠানিকভাবে পাঠাগার প্রাঙ্গণ থেকে কোরআন শরীফ গ্রহণ করেন। পরে পাঠাগারের প্রতিনিধিরা বিভিন্ন মসজিদে গিয়ে কোরআন শরীফ পৌঁছে দেন। এ সময় দায়িত্ব পালন করেন মো. ফরিদ মিয়া, শাখাওয়াত হোসেন ও আপেল মাহমুদ।
কোরআন বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মহসিন, স্থানীয় সমাজসেবক আফজাল হোসেন ও বাচ্চু মিয়া।
প্রভাষক মো. মহসিন বলেন, উপহার হিসেবে কোরআন শরীফ বিতরণ একটি ব্যতিক্রম উদ্যোগ। বাংলা অর্থ ও তরজমাসহ কোরআন বিতরণ মানুষের কাছে এর বার্তা সহজভাবে পৌঁছে দিতে সহায়ক হবে। মানুষ অর্থ বুঝে কোরআন অধ্যয়ন করলে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় ইতিবাচক ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকে। প্রত্যন্ত এলাকায় পাঠাগার স্থাপন করে তারা শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই