পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্যকে ধারণ করে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাইবান্ধা সদর উপজেলার ঐতিহাসিক গড়দিঘী পুকুর পাড়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের বাসা বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন ও ইফতার পৌঁছে দেন।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসিরের নেতৃত্বে ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন সহ সভাপতি মো. সৈকত আহম্মেদ, সাধারণ সম্পাদক মো.আশিদুল ইসলাম, মো. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মো. সবুজ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মো. সাকিব মিয়া, অর্থ সম্পাদক মো. হামিম মিয়া, ক্রীড়া সম্পাদক মো. রাসেল মিয়া, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক মো.আতিকুর রহমান প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মো. সামিউল বাসির বলেন, 'রমজান মাস হচ্ছে আত্মসংযম, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে অন্যের কষ্ট অনুভব করতে শেখায় এবং সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করে।'
সাধারণ সম্পাদক মো.আশিদুল ইসলাম জানান, 'পবিত্র রমজান উপলক্ষে এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা রাখি। পাশাপাশি ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।'
এ সময় দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মুসলিম উম্মাহর ঐক্য, দেশের উন্নয়ন এবং সব মানুষের সুখ-শান্তি কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সব অতিথি, সুধীজন ও সংগঠনের সদস্যরা একসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আন্তরিক এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, 'বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।'
স্থানীয়রা এমন উদ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘের ভূয়সী প্রশংসা করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া