পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন ও সুন্নাহভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর হোসাইনিয়া মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, কুইজের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান যাচাইয়ের পাশাপাশি তাদের মধ্যে ইসলামিক নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধ জাগ্রত করা। রমজান মাসকে ঘিরে আত্মসংযম, ধৈর্য ও ধর্মীয় অনুশাসনের চর্চা আরও গভীর করতেই এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের কালুখালী উপজেলা শাখার সভাপতি মো. বশির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিব উদ্দিন খান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কালুখালী দাখিল মাদ্রাসার সুপার আবু নূর মোহাম্মদ ইমারত আলি খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভপুর মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ মেহেদী হাসান খান, দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, শুভসংঘের সদস্য শামসুদ্দিন জোয়ারদার, ইশারত হোসেন, শিক্ষক আব্দুল হামিদ, ইব্রাহিম হুসাইন ও আলিফ হুসাইনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আবু নূর মোহাম্মদ ইমারত আলী খান বলেন, ‘এই কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য শুধু কোরআন ও সুন্নাহর জ্ঞান যাচাইয়ের মাধ্যম নয়। এটি তাদের চরিত্র ও নৈতিক মূল্যবোধ গঠনেরও অন্যতম উপায়। পবিত্র রমজান মাসে এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আত্মসংযম, ধৈর্য এবং ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি করে।’
সভাপতির বক্তব্যে মো. বশির আহমেদ বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায় এবং ধর্মীয় শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করার অনুপ্রেরণা জোগায়।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতেও সহায়তা করছে।
বিডি-প্রতিদিন/এমই