পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাইতুল গফুর মাদরাসায় এ প্রতিযোগিতা আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের ভোলা জেলা শাখা।
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে মো. ইমরান, দ্বিতীয়স্থান অধিকার করে মো. আব্দুল্লাহ, তৃতীয়স্থান অধিকার করে মো. ইকরাম।
ইসলামিক সংগীত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করে মো. জুনাইদ, দ্বিতীয়স্থান অধিকার করে মো. তামিম, তৃতীয়স্থান অধিকার করে মো. মুহিদ।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ কাউছার আহমাদ বলেন, ‘বর্তমান প্রজন্মকে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনের আলোয় আলোকিত আদর্শ সমাজ গঠনে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। তারা ইসলামিক সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হবে। এতে করে সমাজে নৈতিকতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।’
কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী মো. ইমরান বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস ও ধর্মীয় আগ্রহকে আরও শক্তিশালী করছে। আমি বসুন্ধরা শুভসংঘকে এই সুন্দর উদ্যোগের জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।'
ইসলামিক সংগীত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারী মো. জুনাইদ বলেন, ‘ইসলামিক সংগীতের মাধ্যমে আমি আমাদের ধর্মের সৌন্দর্য ও শান্তির বার্তা সবাইকে পৌঁছে দিতে পেরেছি। এই ধরনের প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস আরও শক্তিশালী করছে।’
অংশগ্রহণকারীদের এক অভিভাবক বলেন, ‘এ প্রতিযোগিতায় সন্তানরা প্রতিভা দেখানোর পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিখেছে। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ আমাদের খুব ভালো লেগেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভোলা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, মোহাম্মদ জেনিদ, মো. আজলান, মো. জাহিদ খানসহ অন্যরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা এবং মাদরাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই