পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা ধারণ করে সম্প্রীতি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় অসচ্ছল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা অংশ নেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মুসলিম উম্মাহর ঐক্য, দেশের উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত অংশ পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কার্যকরী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোলায়মান ইসলাম।
আয়োজকরা জানান, রমজানের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব বলেন, 'বসুন্ধরা শুভসংঘ শিক্ষার্থীদের সামাজিক সম্পৃক্ততার পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে আরও জোর দিতে পারে। প্রশিক্ষণ, গবেষণাধর্মী কর্মশালা ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
রাবিসাস উপদেষ্টা নোমান ইমতিয়াজ বলেন, 'সংগঠনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও প্রভাবশালী করতে শুধু সামাজিক আয়োজনেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব গঠন, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশে মনোযোগ দিতে হবে। সংগঠন যেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ এবং সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে পারে এটি আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একইসঙ্গে, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও পরিকল্পনামূলক হওয়া উচিত, যাতে সব ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক হয়।'
রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, 'শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার জায়গা নয়, এটি মূল্যবোধ, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা গড়ে ওঠার ক্ষেত্রও বটে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে অসচ্ছল শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার মধ্য দিয়ে সহমর্মিতা ও অন্তর্ভুক্তির যে বার্তা দেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।'
সভাপতির বক্তব্যে শাখা বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব হাসান বলেন, 'রমজানের চেতনাকে ধারণ করে আমরা পারস্পরিক বন্ধন দৃঢ় করতে চাই। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রমে শুভসংঘ অগ্রণী ভূমিকা রাখবে।'
বসুন্ধরা শুভসংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন টনিকের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথি, সুধীজন ও সংগঠনের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া