আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত ১৫ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর আগে শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, কুলাউড়ায় অস্বচ্ছল ১৫ জন নারীদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়ে বসুন্ধরা গ্রুপ মহানুভবতার পরিচয় দিয়েছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বসুন্ধরা গ্রুপ দেশের প্রতিটি এলাকায় মানুষ ও সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে যা অনুকরনীয়।
তিনি আরও বলেন, ‘একজন অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হয়। আর সেই সুযোগ তৈরি করে দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তিনমাস প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সেলাই মেশিনটি উপকারভোগী নারীদের জীবনযুদ্ধের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। এই মহৎ কর্মযজ্ঞ বাস্তবায়ন করায় কুলাউড়াবাসীর পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্ঠা ও জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া এই মেশিনটি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনারা জীবনে অনেক উপকৃত হবেন। এটা আসলে আমরা আপনাদের হাতে একটি অস্ত্র তুলে দিলাম। এই অস্ত্র দিয়ে আপনাদের জীবন বদলানোর চেষ্টা করেন। অস্ত্রটি যদি সত্যিকার অর্থে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনের পথচলায় অনেক সহায়ক হবে। বাইরের কাজ যদি নাও করেন অন্তত পরিবারের সদস্যদের জন্য এই মেশিন ব্যবহার করেন তাহলে আপনার পরিবারের অনেক টাকা সাশ্রয় হবে। বসুন্ধরা শুভসংঘ আপনাদের পাশে আছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র করে সেখানে অস্বচ্ছল নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের হাতে মেশিন তুলে দেই। অসহায় নারী যারা সমাজে সুবিধাবঞ্চিত, যারা চেষ্টা করছেন ভালোভাবে বেঁচে থাকার জন্য তাদেরকে খুঁজে বের করে আমরা সেলাই মেশিন তুলে দিচ্ছি তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সমাজের অসহায়, দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেয়া হয়। কুলাউড়ায় যদি তেমন খুব মেধাবী কাউকে পাওয়া যায়, টাকার জন্য সে পড়াশোনা করতে পারছে না। তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তাকে সহায়তা করবো।
কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া মানুষের জন্য কল্যাণমুখী কাজ করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। কুলাউড়ার যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন, তারা তা সঠিকভাবে ব্যবহার করে স্বাবলম্বী হবেন। এমন কার্যক্রম বাস্তবায়ন করায় বসুন্ধরা শুভসংঘকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
এদিকে সেলামি মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগীরা। শিক্ষার্থী সানজিদা নাহার শোভা বলেন, পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে আমার পড়াশোনার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের মাধ্যমে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন পেয়ে খুব আনন্দিত। এই মেশিন আমার পড়াশোনার পাশাপাশি আমার পরিবারের স্বচ্ছলার গতি ফিরিয়ে আনতে পথ সৃষ্টি করে দিবে।
রিমা বেগম নামে আরেক শিক্ষার্থী বলেন, বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেয়ে আমিও উপার্জন করে পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবো। এজন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
নাছিমা বেগম বলেন, ‘আমার বাবা নেই। ছোটবেলা থেকেই সংসারে অভাব দেখে আসছি। আমার মায়ের সাথে ভাইদের সহায়তায় কোনমতে জোড়াতালি দিয়ে পরিবার চলছে। এখন শুভসংঘের সেলাই মেশিন পেয়ে আশা করছি পরিবারের অভাব কিছুটা হলেও দূর করতে পারবো।
এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম উসমানীর সভাপতিত্বে ও কালের কণ্ঠ প্রতিনিধি বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা মাহফুজ শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খান, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, শুভসংঘের সিনিয়র সদস্য সাংবাদিক মহিউদ্দিন রিপন।
এসময় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুব সংগঠক জালাল উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল