পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিম্ন আয়ের মানুষ, বসুন্ধরা শুভসংঘ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মধ্য নটান পাড়া জামে মসজিদে রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘ কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিদয় ইসলাম, কার্যকরী সদস্য রনি সরকার নিরব, রাফিন আহমেদ মুকুল, মেহেদী হাসান, রাহিম রেজওয়ানসহ কমিটির অন্যান্য সদস্য। স্থানীয় এলাকাবাসী শফিকুল ইসলাম, বদিউজ্জামান ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরাও এতে অংশ নেন।
সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, রমজানের মূল শিক্ষা হচ্ছে সংযম ও মানবতার সেবা। আমরা চেষ্টা করছি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে। ‘শুভ কাজে সবার পাশে’- এই স্লোগানকে ধারণ করেই আমাদের এই আয়োজন।
স্থানীয় এলাকাবাসীর অনেকে বলেন, বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে অনেক ভালো লেগেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।
ইফতারে অংশ নেওয়া কয়েকজন নিম্ন আয়ের মানুষ তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ ধরনের আয়োজন তাদের জন্য বিশেষ আনন্দের। একসঙ্গে ইফতার করার মাধ্যমে তারা নিজেদেরকে সমাজের অংশ হিসেবে আরও বেশি সম্পৃক্ত মনে করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও রৌমারী উপজেলায় এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া