পিরোজপুরের স্বরূপকাঠীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ঘর পুড়ে সব হারানো এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংকটে থাকা পরিবারটিকে পুরো রমজানের ইফতার সামগ্রী ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামের কাঠমিস্ত্রি আলী আহম্মদ বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এখন আর কাজ করতে পারেন না। এক ছেলে ছোট পরিসরে ব্যবসা করেন, আরেক ছেলে দিনমজুর হিসেবে কাজ করেন। এই আয়েই ১০ সদস্যের সংসার কোনোরকমে চলছিল।
গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে হঠাৎ তাদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কাঠ ও টিন দিয়ে তৈরি ঘরটি মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে পরিবারের সব আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র ভস্মীভূত হয়। এতে রমজান মাসে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।
খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘের স্বরূপকাঠি শাখার নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। গতকাল রবিবার সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী ও ঘর নির্মাণের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, সভাপতি মো. মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহ রাজু, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি ও সদস্য রমজান আলী রাকিব উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে আলী আহম্মদ বলেন, ‘আগুন আমাদের সবকিছু পুড়িয়ে নিঃস্ব করে গেছে। এই রমজানে একপ্রকার না খেয়েই আমাদের রোজা রাখতে হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ ইফতার সামগ্রী ও নতুন ঘর নির্মাণের জন্য অর্থ দিয়েছে। আমাদের এই বিপদের দিনে সংগঠনটির অবদান পুরো পরিবার আজীবন মনে রাখবে। পবিত্র রমজান মাসে শুভসংঘের এই সহযোগিতা আল্লাহ কবুল করুন।’
এ বিষয়ে হযরত আলী হিরু বলেন, ‘সারা দেশে বসুন্ধরা শুভসংঘ সামাজিক, মানবিক ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
বিডি-প্রতিদিন/এমই