‘শুভ কাজে, সবার পাশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও ইসলামিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রমজানের তাৎপর্য, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব ও জামালগঞ্জ হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার সহকারী পরিচালক হাফেজ মাওলানা নুর উদ্দিন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ব্যবসায়ী ফারুক আহমেদ।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক এনামুল হক, ইভেন্ট সম্পাদক পারভেজ মোশারফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আশিক নুরসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, 'রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি। সংযমের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহভীতিই রোজার মূল শিক্ষা।'
সভাপতির বক্তব্যে মো. শাহীন আলম বলেন, 'রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়; বরং চোখ, কান, জিহ্বা ও অন্তরের সংযমের মধ্য দিয়েই প্রকৃত তাকওয়া অর্জন সম্ভব।'
তিনি আরও বলেন, 'এই ইফতার মাহফিল ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ দৃঢ় করার একটি উদ্যোগ।'
বক্তারা বলেন, 'রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক গুণাবলি চর্চার মাস। সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তি ও সমাজ উভয়ই নৈতিকতার পথে এগিয়ে যেতে পারে।'
বিডি-প্রতিদিন/তানিয়া