গোপালগঞ্জ সদর উপজেলার কাজির বাজার গ্রামের বাসিন্দা শাহজাহান ফরিদী (৪৬) পেশায় একজন রিকশাচালক। সীমিত আয়ের মধ্যেই তিন ছেলে, এক মেয়ে ও বৃদ্ধা মাকে নিয়ে সাত সদস্যের সংসার চালান তিনি। এর পাশাপাশি তিনি নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি এতিমখানা মাদ্রাসার সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৭ নম্বর ঘরে বসবাস করেন।
শাহজাহান ফরিদীর দুই ছোট ছেলে- হাবিব (৫) ও নওশাদ (৩) প্রতিবন্ধী। তাদের দৈনিক ওষুধের পেছনে প্রায় ২০০ টাকা ব্যয় হয়। অন্যদিকে বৃদ্ধা মায়ের চিকিৎসা ব্যয়ও কম নয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় প্রতিনিয়ত অর্থকষ্টের মধ্যেই দিন কাটছে তার পরিবারের।
এমন পরিস্থিততে মানবিক বিবেচনায় এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার বন্ধুরা। বৃহস্পতিবার সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সদস্যরা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের কাজিরবাজার গ্রামের আশ্রয়ণ প্রকল্পে শাহজাহান ফরিদীর বাড়িতে গিয়ে তার হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, লবণ আলু, ছোলা, মুড়ি, চিড়া, সেমাই, খেজুর, গুঁড়া দুধ, নুডলস, সয়াবিন তেল, সাবান, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, শশা, টমেটো, বেগুন, শসা, বেসন, লাউ।
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সুজন দাসের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি আশিকুর রহমান, রাজিব মোল্লা, মিমি বালা, যুগ্ম সাধারণ সম্পাদক জীবানন্দ ঠাকুর, কার্যকরী সদস্য বিপ্রজিৎ, হাবিবা, মাহফুজসহ অন্যান্য সদস্যরা।
খাদ্য সহায়তা পেয়ে শাহজাহান ফরিদী বলেন, “প্রতিবছর রোজা এলে মানুষ ভালো ভালো খাবার খায়, কিন্তু আমাদের রিকশার ভাড়া কমে যায়। স্কুল-কলেজ বন্ধ থাকায় যাত্রীও কম থাকে। তাই ঠিকমতো বাজার করতে পারি না। আজ বসুন্ধরা যে সহায়তা করলো, তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।”
তার সহধর্মিণী বেগম লতিফা খানম বলেন, “আমার দুইটা ছেলে প্রতিবন্ধী। ওরা কয়েকদিন ধরে আলুর চপ, বেগুনি আর পেঁয়াজি খেতে চাচ্ছিল। আজ আপনারা যেগুলো দিলেন, সেগুলো দিয়ে ইফতারি বানাবো। বসুন্ধরার সবার জন্য দোয়া করবো।”
সংগঠনের সহ-সভাপতি রাজিব মোল্লা বলেন, “আমি এই সংগঠনের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছি। আজকের এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে ভালো লাগছে। ব্যবসায়িক কাজের পাশাপাশি যতটুকু সময় পাবো, এ ধরনের মানবিক কাজে বসুন্ধরা শুভসংঘের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সুজন দাস বলেন, “রমজান মাসে প্রতিবছর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিডি-প্রতিদিন/তানিয়া