পবিত্র রমজান উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের গাজীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাজীপুরের মারতা এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হোসেন। দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া খাতুন, ইভেন্ট সম্পাদক আরিফুল ইসলাম রাকিব, স্বাস্থ্য ও মানবকল্যাণ সম্পাদক ঝরনা হিয়া, ক্রীড়া সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. রুবেল মিয়া এবং সদস্য ইভা খন্দকার, এস আর সিফাত, জহিরুল ইসলাম, আব্দুল্লাহ আল হাসান, বনলতা, বিথী, রিমা, মিথিলা, মহিন, সোনিয়া, নুর মোহাম্মদ, শিপন, রিদয়, আসিফসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহভীতি অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা ও মানবিক গুণাবলিতে উদ্বুদ্ধ হয়। সমাজ থেকে অন্যায়-অনিয়ম দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান বক্তারা।
ইভা খন্দকার তার বক্তব্যে বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি মানবিকতা ও সহমর্মিতা চর্চারও উত্তম সময়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
দপ্তর সম্পাদক তানজিনা ইসলাম জেরিন তার বক্তব্যে বলেন, তরুণ সমাজকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সামাজিক ও মানবিক কার্যক্রমের বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া