পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ঈদ সামগ্রির মধ্যে ছিল সেমাই, চিনি, ছোলা, কিসমিস, মুড়ি, গুঁড়ো দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভসংঘ চট্টগ্রাম শাখার উপদেষ্টা আবদুল হাকিম রানা, বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শুভসংঘের বন্ধু মো. ইব্রাহীম চৌধুরী, আনিসুল ইসলাম, মো. ফখরুল নাঈম ও মো. রাইয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
শুভসংঘ চট্টগ্রাম শাখার উপদেষ্টা আবদুল হাকিম রানা তার বক্তব্যে বলেন, “ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষও সেই আনন্দে শামিল হতে পারে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা চাই সমাজের সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিক।”
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া