পবিত্র রমজানের মাহাত্ম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর যাত্রাবাড়িতে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক হৃদয়ছোঁয়া ইফতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বুধবার যাত্রাবাড়ি থানার অধীনস্থ হোসনে আরা বানু মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় অর্ধশতাধিক এতিম ও হতদরিদ্র পরিবারের শিশু অংশ নেয়।
দিনভর ব্যস্ততার পর যখন আজানের ধ্বনিতে ইফতারের সময় ঘনিয়ে আসে, তখন ছোট ছোট শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি-যা উপস্থিত সবার মনকে নাড়িয়ে দেয়।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের সার্বিক নির্দেশনায় আয়োজিত এই মানবিক কর্মসূচির ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন যাত্রাবাড়ি থানা শাখার সভাপতি তৌফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইজারুন নেছা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা মো. মোজ্জাম্মেল হক। তিনি এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজান মাস আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোই এই পবিত্র মাসের প্রকৃত শিক্ষা।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক হাফেজ মাওলানা মো. সৌরভ ও কারী মো. বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন শাখার নেতৃবৃন্দও অংশ নেন। উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সাল এবং রমনা থানা শাখার সভাপতি আশিক আহমেদ।
এছাড়াও যাত্রাবাড়ি থানা শাখার সহ-সভাপতি শাওন সূত্রধর, সহ-সভাপতি অমিত হাসান হৃদয়, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইতি শামস, সহ-সাংগঠনিক সম্পাদক নাফিস আহমেদ, ক্রীড়া সম্পাদক রাফিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিউর আপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক বিপাশা শেখ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবে।
রমজানের এই আয়োজন শুধু ইফতার নয়, বরং এতিম ও অসহায় শিশুদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।
বিডি-প্রতিদিন/তানিয়া