যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম দুই অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপজেলার মধ্যকুল গ্রামের পা হারা শফিকুল শেখ ও তার ছেলে শাকিল শেখ এবং মজিদপুর গ্রামের এতিম দুই বোন সুমাইয়া আক্তার মিতু ও সামিরা খাতুন সেতুকে এক মাসের খাদ্য সহায়তার পাশাপাশি ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অসুস্থ শফিকুল শেখের বাম পা কেটে ফেলা হয়েছে। দুই বছর আগে তার ছেলে শাকিল চলন্ত ট্রেন থেকে পড়ে গেলে বাম পা কাটা পড়ে। পা হারা বাবা ও ছেলে অসহায় অবস্থায় দিনাতিপাত করছিলেন। এছাড়া মজিদপুর গ্রামের এতিম ওই দুই বোনের অসহায়ত্বের কথা জানতে পেরে পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ।
শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফির সভাপতিত্বে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাডভোকেট আব্দুল মজিদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ, ফুলতলা জামিরা কলেজের সহযোগী অধ্যাপক তাপস মজুমদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শুভসংঘের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন এবং শিক্ষার্থী স্বস্তিকা ঘোষ।
ঈদ সামগ্রী পেয়ে প্রতিবন্ধী শফিকুল শেখ বলেন, অসহায় অবস্থায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছিলাম। ছেলেটাও ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী। বাপ-ছেলে প্রতিবন্ধী হওয়ায় আয় রোজগার করে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছিল। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাদ্য আর ঈদ সামগ্রী দেওয়ায় কিছুটা দুশ্চিতা ঘুচলো। পরিবার নিয়ে এবারের ঈদে ভালোভাবে কাটাতে পারবো।
অপরদিকে এতিম দুই বোন শিক্ষার্থী সুমাইয়া আক্তার মিতু ও সামিরা খাতুন সেতু খাদ্য ও ঈদ সামগ্রী পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এবারের ঈদ আনন্দ সহকারে উদযাপন করতে পারনে।
এ ব্যাপারে শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার সভাপতি এএফএম শফি বলেন, বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় কেশবপুর শাখার উদ্যোগে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি বসুন্ধরা শুভসংঘের কর্তৃপক্ষের জন্য সকলের কাছে দোয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল