বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত মীরবাগিছা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত শুক্রবার পবিত্র রমজানের উপলক্ষে এতিম শিশুদের এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ১ বস্তা চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
সংগঠনের ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় এবং রূপগঞ্জ শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমানের নেতৃত্বে এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুফিয়া খাতুন, সাধারণ সম্পাদক সিয়াম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রেইনা, সদস্য নিলয়, শিহাব, সূজন, ইসমাঈল, রবিন, আলামিন, জাবেদ, নাজমুলসহ শুভসংঘের অন্যান্য স্বেচ্ছাসেবক বন্ধুরা।
অনুষ্ঠানে এতিমখানার দায়িত্বপ্রাপ্ত পরিচালক কারী শাহজাহান মিয়া এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের জীবন আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে। একই সঙ্গে তিনি আয়োজকদের জন্য দোয়া করেন।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করে।
বিডি-প্রতিদিন/তানিয়া