গাইবান্ধা জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজানে অসহায় ও দুস্থদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকালে শহরের ডিবি রোড ও সংলগ্ন এলাকার ৪০ জন মানুষের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে স্থানীয় সুরবানী সংসদ কার্যালয়ে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের ডিবি রোডে বিতরণ পর্বের সূচনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। এসময় শুভসংঘ ছাড়াও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা ও কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন উপস্থিত ছিলেন।
শহরের মধ্যপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ঈদের জন্য সাহায্য চাইছিলেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকার রাবেয়া খাতুন (৪০)। তিনি জানালেন, কৃষি শ্রমিক স্বামীসহ তার পরিবারের চার সদস্যের মধ্যে এই সময় প্রায় সকলেই বেকার। রমজানে সেহরী ও ইফতার সামগ্রী যোগার করতে হিমশিম খেতে হচ্ছে। সামনে ঈদ, নতুন পোশাক দুরে থাক একবেলা ভালো মন্দ খাওয়ার মত অবস্থাও তাদের নেই। তিনি ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্য চাইছেন। শুভ সংঘের এই ইফতারের প্যাকেট পেয়ে অনেক উপকার হলো।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের নৈশ প্রহরী গোলজার রহমান (৬৭) জানালেন, পুরো রমজানে রোজা রাখতে তার খুব কষ্ট হয়েছে। মানুষের কাছে সাহায্য সহযোগিতা এবার খুব কম পেয়েছেন। শুভ সংঘের ছেলেমেয়েদের হাত থেকে ইফতার সামগ্রী পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, আজ নামাজে বসে এইসব ছেলেমেয়েদের জন্য দোয়া করবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, শুভসংঘের নানা মানবিক কাজকর্মের সঙ্গে তিনি পরিচিত। একদিনের জন্য হলেও শুভসংঘের কর্মীরা ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করার ব্যাপারটি তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের সঙ্গে যুক্ত শুভসংঘের কাছ থেকে আমাদের তরুণদের অনুপ্রাণিত হওয়ার মত অনেক কিছু রয়েছে।
জেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম স্নিগ্ধা জানান, রমজানে কর্মহীন মানুষ অন্তত একবেলা যাতে ভালোভাবে ইফতার করে ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্যই এই আয়োজন। আমরা ঘুরে ঘুরে যাদের অসহায়ত্ব দেখেছি তাদের হাতে প্যাকেট তুলে দিয়েছি।
এর আগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় জেলা বসুন্ধরা শুভসংঘের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শুভসংঘের সভাপতি আহসান আজিম প্রধান, সাদুল্যাপুর উপজেলা শুভসংঘের সভাপতি এ. জে. আশিক শাওন, সাঘাটা উপজেলা শুভসংঘের সভাপতি নাহিদুল ইসলাম ও গাইবান্ধা জেলা কমিটির লিজা সরকার।
বিডি প্রতিদিন/কামাল