নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ব্রাম্মন্দী ও গোবিন্দপুর গ্রামে অসহায় মানুষের মাঝে ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (১৫ মার্চ) পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে মানবিক কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গ্রামের ৩০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে নতুন ঘর নির্মাণ, নলকূপ স্থাপন, ঢেউটিন প্রদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে গোবিন্দপুর গ্রামের অসহায় চা বিক্রেতা আবু কালামকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করা এই মানুষটির মাথা গোঁজার স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া ব্রাম্মন্দী গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে অসুস্থ রমজান সরকারকেও একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। একই গ্রামের মোখলেস মিয়ার জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে একটি নতুন নলকূপ স্থাপন করা হয়।
অন্যদিকে নাওহালা গ্রামের স্বামীহারা মুর্শিদা বেগমকে স্বাবলম্বী করে তুলতে একটি সেলাই মেশিন এবং ঘরের জন্য ঢেউটিন প্রদান করা হয়। স্থানীয়রা জানান, এসন সহায়তা তাকে নতুনভাবে জীবন শুরু করার সাহস জোগাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। তিনি বসুন্ধরা শুভসংঘের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, বসুন্ধরা শুভসংঘ পরিবার দেশের বিভিন্ন প্রান্তে তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে এ ধরনের মানবিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শুধু খাদ্যসামগ্রী বিতরণ নয়, বরং ঘর নির্মাণ, নলকূপ স্থাপন এবং সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসহায় পরিবারগুলোকে স্থায়ীভাবে স্বাবলম্বী করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
সরকারের পাশাপাশি এ ধরনের সামাজিক সংগঠনগুলো যদি এভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজ থেকে দারিদ্র্য বিমোচন অনেক সহজ হবে। আমি বসুন্ধরা শুভসংঘের এই মানবিক কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তরুণ প্রজন্মের এই সেবামূলক মনোভাবকে সাধুবাদ জানাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মাহবুবুর রহমান মনির।
তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ কেবল একটি সংগঠন নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি বৃহৎ পরিবার। আমাদের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। আজকের এই আয়োজন—যেখানে আমরা ঘর, নলকূপ এবং সেলাই মেশিন বিতরণ করছি—তা কেবল সাময়িক সহায়তা নয়, বরং পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলার একটি ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া। শুভসংঘের এই মানবিক অগ্রযাত্রা সারা বাংলাদেশে অব্যাহত থাকবে এবং সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সভাপতি মো. শফিক মিয়া, সাধারণ সম্পাদক মাহির তামিম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে ব্রাম্মন্দী ও গোবিন্দপুর গ্রামের স্থানীয় শিক্ষক, আইনজীবী এবং নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরাও বক্তব্য রাখেন। তারা বসুন্ধরা শুভসংঘের এ ধরনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বসুন্ধরা শুভসংঘ শিবপুর উপজেলা শাখার সদস্যরা বলেন, “আমাদের এই ছোট প্রচেষ্টায় যদি একটি পরিবারের মুখেও হাসি ফোটে, তবেই আমাদের স্বার্থকতা। আমরা বিশ্বাস করি—মানুষ মানুষের জন্য। তাই আসুন, সামর্থ্য অনুযায়ী আমরা সবাই আর্তমানবতার সেবায় এগিয়ে আসি।”
বিডি প্রতিদিন/কামাল