ছেঁড়া জামার আড়ালে লুকানো ছিল ছোট্ট রাহিমের অপূর্ণ স্বপ্ন। ঈদ মানেই যেখানে নতুন পোশাকের আনন্দ, সেখানে তার জন্য ঈদ ছিল নিঃশব্দ এক অপেক্ষা—কবে ভাগ্যের চাকা একটু ঘুরবে, কবে সেও নতুন জামা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়াবে। সেই অপেক্ষার প্রহর ভাঙল এবার।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। এই মহৎ আয়োজনে ২০ জন অসহায় ও দরিদ্র শিশুদের মুখে ফুটে উঠেছে আনন্দের নির্মল হাসি, যা যেন এক টুকরো স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি।
মঙ্গলবার (১৭ মার্চ) স্বেচ্ছাসেবীরা প্রতিটি শিশুর হাতে নতুন পোশাক তুলে দেন স্নেহ ও মমতায়, যেন তারা শুধু জামাই নয়, ভালোবাসা ও যত্নও উপহার পাচ্ছে। শিশুদের উচ্ছ্বাস, হাসি আর কৃতজ্ঞতায় ভরে ওঠে পুরো পরিবেশ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার সদস্য তানজিম হোসাইন, মাহিমা মাহবুবা, সেজুতি আক্তার, স্বপ্না আক্তার।
স্বেচ্ছাসেবকরা জানায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যেই আমাদের এই আয়োজন। মানবতা এখনো বেঁচে আছে, মানুষের হৃদয়ে এখনো আছে ভালোবাসা ও সহমর্মিতা। আর সেই ভালোবাসাই রাহিমের মতো অসংখ্য শিশুর জীবনে এনে দেয় নতুন আলোর বার্তা।
বিডি-প্রতিদিন/মাইনুল