গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় আলোচিত 'জুলাইযোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার দুপুরে দুই দিনের রিমান্ড দিলেও সন্ধ্যায় অপর একটি আদালত চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন প্রদান করেছেন।
রাত ৭টা ৩৮ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। তার মুক্তিলাভের সময় কারা ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এসময় আদালত চত্বরে জুলাই যোদ্ধারা এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিকালে সুরভীর পক্ষে তার আইনজীবী এ রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর আদালতে রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় ওই আদালতে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সাপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।
গাজীপুর মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল হক চৌধুরী বিপ্লব বলেন, ‘যে সাংবাদিক বাদী হয়ে মামলাটি করেছিলেন তিনি আদালতে কোন প্রকার যোগাযোগ করেননি। কোন প্রকার তথ্য প্রদান করেননি। এ বিষয়টি আদালতকে অবহিত করা হয়। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং আদালত চত্বরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, তা আদালতকে অবহিত করি। সবকিছু বিবেচনা নিয়ে আদালত আসামির জামিন মঞ্জুর করেন।’
এদিকে সুরভীর রিমান্ডের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নেতাকর্মীরা। রিমান্ড আদেশের সময়ও আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সন্ধ্যায় আইনজীবী সমিতির সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, ‘আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। দেশের আইন প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আপনারা জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে নমনীয় ভূমিকা পালন করবেন না। হাসিনার পতন ঘটেছে এই ছাত্রজনতার কারণেই। আজকে যারা বড় বড় পদে বসে আছেন এবং মুক্তভাবে রাজনীতি ও বক্তৃতা করছেন, তখন আপনারা লেজগুটিয়ে পালিয়েছেন। ছাত্রজনতা পল্টন থেকে লেজগুটিয়ে পালায়নি। তারা জুলাইয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। এই তাহরিমা জান্নাত সুরভীরাই জীবনের ঝুঁকি নিয়ে ধর্ষণসহ নানা হুমকি উপেক্ষা করে মাঠে ছিল।’
এর আগে গত ২৫ ডিসেম্বর নিজ বাসা থেকে সুরভীকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত