কোরবানির বর্জ্য অপসারণসংক্রান্ত নাগরিক অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য দুটি হটলাইন নম্বর চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নম্বর দুটি হলো— ০১৭০৯৯০০৮৮৮ এবং ০২২২৩৩৮৬০১৪।
সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ঈদের পরবর্তী তিন দিন এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে।
ডিএসসিসির প্রশাসক জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে তদারকির জন্য উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
এদিকে, ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিবহন বিভাগ ও যান্ত্রিক বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি তদারকির দায়িত্বে নিয়োজিত অন্যান্য বিভাগের কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানান, রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে কোরবানির বর্জ্য স্থানান্তর ও অপসারণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৮, ২৯ ও ৩০ মে—এই তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে— ২৮ মে প্রথম দিনে অপসারণ করা হবে ১৫ হাজার ৯৩৫ টন বর্জ্য, ২৯ মে দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন, এবং ৩০ মে তৃতীয় দিনে ৬ হাজার ২৩১ টন বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য প্রায় ১৩ হাজার ৪৫৩ জন জনবল প্রস্তুত রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল