জামালপুরে মাদকবিরোধী অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ধাওয়া খেলে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ আল আমিনের (২৭) মরদেহ সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের পূর্ব বাশঁচড়া এলাকার বক্তার মিয়ার ছেলে। আল আমিনের ৪০ দিন বয়সী একটি শিশু সন্তান রয়েছে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিএনসি। এ সময় বেশ কয়েকজন মাদকসেবী নিজেদের বাঁচাতে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। এ সময় সাঁতার কেটে অপরপ্রান্তে যাওয়ার সময় মাঝ নদীতে তলিয়ে যান আল আমিন।
তিনি বলেন, খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ আল আমিনের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কারো বক্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কেএ