ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে এক ভ্যাট কর্মকর্তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তুহিন মিয়া (৩২)। তিনি মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক। বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া ভ্যাট অফিসের কর্মকর্তা এ এস এম সাইফুল ইসলাম বাদী হয়ে মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের মালিক হাবিবুর রহমানকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। তুহিন মিয়া ওই মামলার পাঁচ নম্বর আসামি। তার বাড়ি বাঞ্ছারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভিটি ঝগড়ার চর এলাকায়।
মামলার বিবরণে বলা হয়, গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় ভ্যাটসংক্রান্ত কাগজপত্র পরিদর্শনে যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাঁকে সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চান।
অভিযোগে বলা হয়, সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখানোর পরও তাঁকে ভুয়া কর্মকর্তা দাবি করে হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তাঁর একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বাধা দিতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিন বলেন, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এআইএস