কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম নিশান (২২)। তিনি উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পার্শ্ববর্তী মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে ভেড়ামারার একটি স্থানীয় মাজারের মেলা দেখতে আসেন ওই নারী। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়।
অভিযোগে বলা হয়, সন্ধ্যার দিকে নিশান শিশুটিকে মাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এদিকে দীর্ঘ সময় জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে ঘটনাটি জানাজানি হলে রাত আনুমানিক একটার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।
ঘটনার পর মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে নিশানকে গ্রেপ্তার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস