নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রুদ্রপুর এলাকার কিবরিয়া মাস্টার বাড়িতে এ আয়োজন করা হয়। বেগমগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ এবং চিকিৎসক লিটন।
আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয়ানি ইউনিয়নের প্রায় ৬০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নোয়াখালী ডায়াবেটিক সমিতি।
এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ