চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন।
সোমবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিতে গিয়াস কাদেরকে ওই আসনে ধানের শীষ বরাদ্দ দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।
চিঠিটি প্রার্থীর পক্ষে রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আসনটিতে প্রথমে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হলেও পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়া হয়। দুজনই বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
বাছাইয়ে উভয়ের মনোনয়নপত্র বৈধ হয়। তবে দলীয় প্রতীক কে পাবেন তা নিয়ে দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল।
বিডি প্রতিদিন/কেএ