বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন নির্বাচন থেকে সরে সরে দাঁড়ালেন। তিনি দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে তার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইয়াছিন বলেন, আমি দল করি ৩৪ বছর হয়েছে। গত ১৫ জানুয়ারি দলের চেয়ারম্যানের সঙ্গে গুলশান কার্যালয়ের দেখা করতে যাই। তখন তিনি বললেন আগামী নির্বাচন চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে তিনি আমার কাছে সহযোগিতা চেয়েছেন। কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি সংসদীয় আসনে সমন্বয়ক হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করেন।
তিনি বলেন, আমি দল করি দলকে ক্ষমতায় আনার জন্য, দলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, দেশ এবং জাতির কাছে পৌছে দেওয়ার জন্য। তারেক রহমানের প্রতি শ্রদ্ধা এবং দায়িত্ববোধ থেকেই আমি আমার স্বতন্ত্র নির্বাচনী মনোনয়ন দাখিল করেছিল তা আজ প্রত্যাহার করেছি।
এ সময় কুমিল্লা-৬ আসনের বিএনপির দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, আপনারা যে যেখান থেকে এসেছেন কুমিল্লার ইতিহাসে কালের সাক্ষী হয়ে গেলেন। আমার মনে হয় সব সমাধানের পথে হাজী ইয়াছিনের এই সিদ্ধান্ত এবং তার সাথে আমার একসঙ্গে কাজ করার সুযোগ আগামীদিনে নতুন পথ সৃষ্টি করবে।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ জেলা, মহানগর ও আদর্শ সদর উপজেলার বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল