বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারেক রহমানকে ভালোবাসলে ভোটের মাঠে প্রমাণ দিন।
মঙ্গলবার রাজধানীর বনানীতে ঢাকা ১৭ আসন বিএনপি’র প্রধান কার্যালয়ে সিএনজি, অটোরিকশা চালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, তারেক রহমানই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য নেতা। দেশ ও জনগণের মঙ্গলের জন্য বিএনপিকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমরা শুধু মনে মনে চাইলে হবে না, মাঠে কাজ করতে হবে। কাজ না করলে ফল আসবে না। আজকে যারা তারেক রহমানকে ভালোবাসে, তাদের প্রমাণ দিতে হবে ভোটের মাঠে।
সিএনজি, অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকার চালকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে ভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। আপনাদের গাড়িতে আমাদের স্টিকার, লিফলেট বা নিজ হাতে লিখে লিখে লাগান ‘তারেক রহমানের জন্য ভোট চাই’। ভয় পাওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, কিছু মহল ভোট নষ্ট করার জন্য অর্থের বিনিময়ে প্ররোচনা দিচ্ছে। টাকার লোভে পড়ে ঈমান নষ্ট করবেন না। তারা একটি-দু’টি সিটে ভোট নষ্ট করে বিএনপির অগ্রযাত্রা ঠেকাতে চায়। এই বিষয়টি সাধারণ মানুষকে বুঝিয়ে বলতে হবে।
ঢাকা-১৭ আসনের চারটি থানার প্রতিটি এলাকায় পরিকল্পিতভাবে প্রচারণা চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, বস্তি এলাকা, শ্রমজীবী মানুষ, সিএনজি ও রিকশা শ্রমিকদের আবাসিক এলাকাগুলোতে অবশ্যই যেতে হবে। এটি দলের পক্ষ থেকে বাধ্যতামূলক দায়িত্ব।
আবদুস সালাম বলেন, বিএনপি সবসময় দুঃসময়ে মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তারেক রহমান ছাড়া এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য নেতা আর কেউ নেই।
বিডি প্রতিদিন/এমআই